য়োংজিন লিং রিনপোছে সম্পর্কে আমার স্মৃতি
য়োংজিন লিং রিনপোছের সাথে আমার প্রথম দেখা হয়েছিল বুদ্ধগয়াতে ১৯৭০ সালের জানুয়ারী মাসে। ঐ সময় তিনি সেখানে শীতের মাসগুলি কাটাতেন এবং তিব্বতী মন্দিরে বার্ষিক শিক্ষা প্রদান করতেন। বুদ্ধগয়া তখনও উন্নত হয়ে উঠতে পারেনি এবং খুব গরিব ছিল। স্তূপের সামনে নোংরা রাস্তার ধারে, অবাধ্য কুষ্ঠ...